চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে ৩-০ গোলে জিতেছিল বার্সেলোনা। কিন্তু বুধবার দ্বিতীয় লেগে লিভারপুলের মাঠে গিয়ে ৪-০ গোলে হেরে যায় স্প্যানিশ জায়ান্টরা। তাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের স্বপ্ন ভেঙে যায় দলটির।
লিভারপুলের কাছে হারের পর সমর্থদের দুয়ো শুনতে হয়েছে মেসিকে। অ্যানফিল্ড ছেড়ে বার্সেলোনায় ফেরার বিমান ধরতে যখন বিমানবন্দরে যান মেসি, সেখানেও তাকে শুনতে হয়েছে দুয়ো। যা শুনে একরকম মেজাজ হারান মেসি। মেসিকে বলতে শোনা যায়, ‘আমি কি করেছি, আমি কি করেছি।’
অ্যানফিল্ডে সেদিন রীতিমতো রূপকথার গল্পই লিখেছে লিভারপুল। দুই সেরা তারকা মোহামেদ সালাহ ও রবার্তো ফিরমিনোকে ছাড়াই খেলতে নেমেছিল দলটি। চোটের কারণে ছিলেন না দুজন। আর বার্সা প্রথম ম্যাচে ৩-০ গোলে জয় পাওয়ায় ছিল বেশ ফুরফুরে মেজাজে।
কিন্তু সেই তারাই কীভাবে হেরে গেল লিভারপুলের কাছে। প্রথম লেগে জোড়া গোল করেছিলেন মেসি। লুইস সুয়ারেজ করেন একটি। এদিন দুজনই গোলের মুখ খুলতে পারেননি। চেয়ে চেয়ে দেখেছেন দলের চার-চারটি গোল হজম করা।