সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকার গণতন্ত্র হরণ করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে সরকার। ৩০ ডিসেম্বর প্রহসনের নির্বাচন করে এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

তিনি বলেন, দেশে একদলীয় শাসন ভর করেছে। মানুষের সব অধিকারকে হরণ করে নেয়া হয়েছে। কীভাবে জনগণের সঙ্গে প্রতারণা করে একদলীয় শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়া যায় তার ষড়যন্ত্র চলছে।

বিএনপি মহাসচিব দাবি করে বলেন, দেশে গণতন্ত্র নেই। যে জাতি ১৯৭১ সালে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিল, সেই জাতির কাছ থেকে গণতন্ত্রকে হরণ করে নেয়া হয়েছে। এই অবস্থার প্রেক্ষিতে আজকে গোটা জাতি যখন একটা গভীর সংকটে আছে। এখন নেতার আদর্শে উব্ধুদ্ধ হয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করে এনে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করতে হবে।

এর আগে যৌথসভায় দলের ঘোষিত ১০ দিনব্যাপী কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন বিএনপি মহাসচিব।