খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার সন্তান বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের অন্যতম সেরা খেলোয়াড় মনিকা চাকমাকে গণসংবর্ধনা দিয়েছে উপজেলাবাসী। বৃহস্পতিবার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সদ্য শেষ হওয়া বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপে দুর্দান্ত পারফর্ম করেন মনিকা। সেমিফাইনালে মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচসেরা হয় তিনি। ম্যাচে তার করা গোলটি বিশ্বজুড়ে আলোড়ন ফেলে।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সপ্তাহের ‘ফ্যানস ফেভারিট’ এর তালিকায় জায়গা পায় মনিকার করা গোলটি। ফিফা তাদের ওয়েবসাইটে মনিকার খবরটি প্রকাশ করে ‘ম্যাজিক্যাল চাকমা’ শিরোনামে।
বঙ্গমাতা নারী গোল্ড কাপে বাংলাদেশ দাপটের সঙ্গে ফাইনালে ওঠে। তবে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবের কারণে ফাইনাল স্থগিত হয়। যৌথভাবে আসরে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ও লাওস।
আসর শেষে ছুটিতে বাড়িতে এসেছেন মনিকা। এদিন সংবর্ধনা অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন মনিকা। এ ছাড়া বক্তব্য রাখেন লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার, মনিকা চাকমার শিক্ষক সুশীমণি চাকমা, ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী।
অনুষ্ঠানে মনিকা চাকমাকে লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ ও প্রশাসন এবং লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ ও সকল ইউনিয়ন পরিষদসহ এলাকার বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের পক্ষ থেকে পুষ্পমাল্য পরানো হয়।