নেত্রকোনা জেলা সদর ও আটপাড়া উপজেলায় বয়ে যাওয়া ঝড়ে ছয় শতাধিক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং ভেঙে পড়েছে সহস্রাধিক গাছপালা ও বেশ কিছু বৈদ্যুতিক খুঁটি। গত বুধবার রাত ১১টার দিকে এ কালবৈশাখীতে আটপাড়া উপজেলার ঘাগড়া গ্রামে ঘরের নিচে চাপা পড়ে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ক্ষতিগ্রস্ত ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জেলার আটপাড়া উপজেলার কুনাপাড়া, ঘাগড়া, নয়াপাড়া, রূপচন্দ্রপুর, সুতারপুর, ভবানীপুর, মোস্তফাপুর, দেড়াবক্স আইমাসহ ১৪ গ্রামে পাঁচ শতাধিক কাঁচা ও আধাপাকা ঘর বিধ্বস্ত হয়। ঝড়ে ঘাগড়া বাজারের কমপক্ষে ১০ থেকে ১৫টি দোকান বিধ্বস্ত হয়, সহস্রাধিক ফলদ ও বনজ গাছ এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ও উপড়ে যায়। ঝড়ের পর থেকে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ ছাড়া জেলা সদরের নরেন্দ্রপুর, পাঁচকাহনিয়া এলাকায় ঝড়ে শতাধিক ঘড়বাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়। স্বরমুশিয়া ইউনিয়ন চেয়ারম্যান আবদুস সাত্তার জানান, ইউনিয়নের ১৪টি গ্রামের ওপর দিয়ে বুধবার গভীর রাতে ঝড় বয়ে যায়। এতে কমপক্ষে পাঁচ শতাধিক কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি বিধ্বস্ত এবং সহস্রাধিক গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে যায় ও ভেঙে পড়ে।