রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় দায়ের মামলার দাখিলকৃত চার্জশিট স্বাক্ষর করে বিচারের জন্য ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে বদলির আদেশ দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস এ আদেশ দেন। এর আগে গত ১১ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ১০ জনকে অভিযুক্ত করে ঢাকার মহানগর হাকিম আদালতে এ চার্জশিট জমা দেন।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন রাকিকুল হাসান রিগ্যান (২১), সালাহ উদ্দিন কামরান (৩০), আব্দুর রউফ প্রধান (৬৩), আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র্যাশ (২০), শরীফুল ইসলাম ওরফে খালেদ ওরফে সোলায়মান (২৫), মামুনুর রশিদ রিপন ওরফে মামুন (৩০), আজাদুল কবিরাজ ওরফে হার্টবিট (২৮), মুফতি মাওলানা আবুল কাশেম ওরফে বড় হুজুর (৬০), আব্দুস সবুর খান হাসান ওরফে সোহেল মাহফুজ ওরফে নাসরুল্লা হক ওরফে মুসাফির ওরফে জয় ওরফে কুলমেন (৩৩) ও হাদিসুর রহমান সাগর (৪০)। এদের মধ্যে শরীফুল, মামুনুর রশিদ রিপন ও আজাদুল কবিরাজ পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। এ ছাড়া অভিযানে নিহত ৯ জন ও নারায়ণগঞ্জে নিহত তামিম চৌধুরী ও আশুলিয়ায় নিহত সরোয়ার জাহানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে।