বেইলি রোড ও নিউমার্কেটে ৪ দোকানকে জরিমানা

রাজধানীর বেইলি রোড ও নিউ মার্কেট এলাকার বেশকিছু দোকানে গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে পচা-বাসি খাবার পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। এ সময় চারটি দোকানের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্বে থাকা ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন দেশ রূপান্তরকে বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রয় করার অভিযোগে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রি করার অভিযোগে বেইলি রোডের ‘ফিশ কেক’ দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অভিযোগে নিউমার্কেটের ফলপট্টি এলাকার সিরাজের খেজুরের দোকানকে পাঁচ হাজার টাকা, মেসার্স আল্লার দান স্টোরকে ১০ হাজার টাকা ও নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করার অভিযোগে নিউমার্কেট কাঁচাবাজার এলাকার হাবিবের দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।