গরুর মাংসের দাম ৫২৫ উল্টালেই ৫৫০!

রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল কাঁচাবাজারে গরুর মাংসের মূল্যতালিকা ঝুলিয়ে রেখেছেন ব্যবসায়ীরা। তবে বড় করে সাদা কাগজের সামনের অংশে মাংসের দাম প্রতিকেজি ৫২৫ টাকা উল্লেখ থাকলেও পেছনে লেখা ৫৫০ টাকা। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন বাজারটিতে গিয়ে এমন চিত্র দেখতে পান মেয়র আতিকুল ইসলাম। তিনি উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানকে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ সময় মেয়র কয়েকটি মুদি দোকানে গিয়ে মূল্যতালিকা প্রকাশ্যে রাখা আছে কিনা যাচাই করেন। টাউন হল মার্কেটের পেছনে ফুটপাত ও রাস্তা দখলে ক্ষোভ প্রকাশ করেন এবং তা সরিয়ে নেওয়ার জন্য মেয়র ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মেয়র বলেন, ‘এটা খুব দুঃখজনক যে, ফুটপাত ও রাস্তা দখল করে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করছেন। এটা চলতে দেওয়া যাবে না।’ তিনি সব আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ওয়ার্ড কাউন্সিলরকে নিয়ে অবিলম্বে ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত করা হবে বলে ঘোষণা দেন। মেয়র ভেজালমুক্ত, সঠিক ওজন এবং কম দামে পণ্য বিক্রি করার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান। ডিএনসিসির অন্যান্য মার্কেটেও এ ধরনের আকস্মিক পরিদর্শনের ঘোষণা দেন। এ সময় প্যানেল মেয়র আলেয়া সরোয়ারসহ স্থানীয় কাউন্সিলর ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।