ইউরো ফাইনালে আর্সেনাল-চেলসি

এবার ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত হলো আর্সেনাল-চেলসির। ১৯৭২ সালের পর ইউরোপের শীর্ষ দুই ক্লাব প্রতিযোগিতায় ‘অল ইংলিশ’ ফাইনাল হতে যাচ্ছে। এর আগে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে লিভারপুল ও টটেনহাম হটস্পারের।

বৃহস্পতিবার রাতে একই সময় শুরু হওয়া দুই সেমিফাইনাল ম্যাচে ভ্যালেন্সিয়াকে হারায় আর্সেনাল এবং আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারায় চেলসি।

স্প্যানিশ ক্লাবটির মাঠে শেষ চারের ফিরতি পর্বে ৪-২ গোলে জিতে আর্সেনাল। অতএব দুই লেগ মিলিয়ে ৭-৩ ব্যবধানে এগিয়ে যায় উনাই এমেরির দল। এমিরেটস স্টেডিয়ামে  প্রথম লেগে ৩-১ গোলে জিতেছিল আর্সেনাল।

একই সময়ে শুরু হওয়া চেলসি ও আইনট্রাখটের মধ্যে ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। দুই লেগ মিলে দুই দলের স্কোরলাইন দাঁড়ায় ২-২। তখন ম্যাচ অতিরিক্ত সময় হয়ে গড়ায় টাইব্রেকারে। তাতে ৪-৩ ব্যবধানে জয় পায় চেলসি।

ম্যাচের শুরুতে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দিয়েছিল ভ্যালেন্সিয়া। প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা দেখে দেয় কেভিন গামেইরোর গোলে। দুর্দান্ত এক পাল্টা আক্রমণে রদ্রিগোর দূরের পোস্টে বাড়ানো বল ফাঁকায় পেয়ে প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন ফরাসি ফরোয়ার্ড।

কিন্তু ছয় মিনিট পরেই ভ্যালেন্সিয়াকে সেই আনন্দ ফিকে হয়ে যায়। আর্সেনাল সমতায় ফিরে আসে আউবামেয়াংয়ের দারুণ এক গোলে।   দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে  আবার প্রতিপক্ষের জালে বল জড়ান আলেকসঁদ লাকাজেত। ৫৮তম মিনিটে গামেইরোর দ্বিতীয় গোলে নতুন সম্ভাবনা জাগিয়ে তোলে ভ্যালেন্সিয়া।

 তবে ৬৯তম মিনিটে আউবামেয়াং আবারও বল জালে জড়ালে লড়াই থেকে একরকম ছিটকে পড়ে স্বাগতিকেরা। আর ৮৮তম মিনিটে হেনরিখ মিখিতারিয়ানের পাস থেকে কোনাকুনি শটে হ্যাটট্রিক পূরণ করেন আউবামেয়াং। এতে ৭-৩ ব্যবধানে এগিয়ে যায় আর্সেনাল।

এদিকে স্ট্যামফোর্ড ব্রিজে ২৮তম মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় চেলসি। এদেন আজারের পাস থেকে এক কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন রুবেন লোফ্টাস।

প্রথমার্ধে গোল দিতে না পারলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই ফ্রাঙ্কফুর্ট সমতায় ফেরান বসনিয়ার ফরোয়ার্ড লুকা ইয়োভিচ। তবে দুই লেগ মিলে স্কোরলাইন ২-২ হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে কেউই পার্থক্য গড়ে দিতে পারেনি। ফলে শেষ পর্যন্ত টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় জিতে চেলসি।

আগামী ২৯ মে আজারবাইজানের বাকুতে ফাইনাল খেলবে চেলসি-আর্সেনাল। আর  ১ জুন মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা দখলে নামবে লিভারপুল-টটেনহাম হটস্পার।