বিয়ের করতে গিয়ে কেন ঘোড়ায় চড়লেন, এতেই এক দলিত যুবকের বিরুদ্ধে ক্ষিপ্ত উচ্চবর্ণের হিন্দুরা। ঘটনা ঘটেছে ভারতের গুজরাটের রাজকোট এলাকায়।
টাইমস অব ইন্ডিয়া জানায়, নিচুজাত হয়ে কেন ঘোড়ায় চড়ে বিয়ে করতে গেলেন এতে খেসারত দিতে হচ্ছে তাকে । এই ‘অপরাধের’ ফল ভোগ করতে হচ্ছে গোটা সম্প্রদায়কেও। তাদের সবাইকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে উচ্চবর্ণেরা।
পুলিশ জানায়, ৭ মে শোভাযাত্রা করে ঘোড়া চড়ে বিয়ে করতে যান ২৪ বছরের যুবক মেহুল পারমার। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে উচ্চবর্ণ হিন্দুরা। পরদিনই গ্রামের প্রধানরা একটি বৈঠক করে সিদ্ধান্ত নেন যে, তারা দলিত সম্প্রদায়ের সবাইকে বয়কট করবেন।
গ্রাম পঞ্চায়েতপ্রধান বিণুজি বলেন, “গ্রামে কোনও দলিতের ঘোড়ায় চাপার কোনও অধিকার নেই। সেই কাজ করে মেহুল পারমার গ্রামের ঐতিহ্য ভেঙেছেন।”
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যারা দলিতদের সঙ্গে কথা বলবে বা যোগাযোগ রাখবে, তাদের ৫ হাজার রুপি জরিমানা দিতে হবে।
এমন পরিস্থিতিতে দোকানদাররাও দলিতদের গৃহস্থালী জিনিস ও দ্রব্যপণ্যও বিক্রি করছে না বলে অভিযোগ রয়েছে।
এ দিকে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দলিতদের সঙ্গে কথা বলেছেন। পরবর্তীতে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। বৃহস্পতিবার পঞ্চায়েত কমিটির ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।