নতুন ভূমিকায় কারিনা

বলিউডের হিট নায়িকা কারিনা কাপুর খানকে নতুন ভূমিকায় দেখা যাবে। বড়পর্দা নিয়ে কথা হচ্ছে না, এই নায়িকা টেলিভিশনে পা রাখছেন।

মুম্বাই মিররের এক প্রতিবেদনে জানা যায়, ৩৮ বছরের অভিনেত্রী একটি রিয়্যালিটি শো-এর মাধ্যমে টেলিভিশনে যাত্রা করছেন। ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স' নামের অনুষ্ঠানে বিচারকের ভূমিকায় দেখা যাবে তাকে।

কারিনা ছাড়াও কোরিওগ্রাফার ভাস্কো মার্টিস ও র‌্যাপার বাদশাহ বিচারকের আসনে থাকবেন। চলতি বছরের জুন থেকে অনুষ্ঠানটি প্রচার হবে। সঞ্চালনা করবেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ধীরাজ ধূপার।

জানা গেছে, চ্যানেলের সঙ্গে কারিনার একাধিক মিটিং হয়েছে। কারণ প্রথম টেলিভিশন শো-তে কারিনা বিশেষভাবে নিজেকে উপস্থাপন করতে চান।

এই অনুষ্ঠানে বিভিন্ন সিনেমায় কারিনা পারফর্ম করা জনপ্রিয় গানের ওপরে প্রতিযোগীদের নাচ করতে দেখা যাবে।

জুনে ইরফান খানের সঙ্গে ‘অ্যাংরেজি মিডিয়াম’ সিনেমার শুটিং করতে কারিনাকে লন্ডন যেতে হবে। সেই কারণেই এমনভাবে শিডিউল স্থির করা হয়েছে, যাতে তিনি দুই কাজ একসঙ্গে করতে পারেন।

এর আগে একটি রেডিও শো সঞ্চালনা করেন কারিনা, যার নাম ছিল ‘উওমেন ওয়ান্ট’। সেখানে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্ব এসে ক্যারিয়ার, মাতৃত্ব, নিয়ম ভাঙাসহ নানা বিষয়ে কথা বলতেন।

কয়েক মাস আগে কারিনাকে জিজ্ঞাসা করা হয়- ওয়েব সিরিজে কাজ করতে চান কি না? উত্তরে বলেন, “সেক্রেড গেমস’-এর মতো অসামান্য কোনো সিরিজের প্রস্তাব এলে নিশ্চয়ই করব।”

কারিনাকে এরপর দেখা যাবে ‘গুড নিউজ’ সিনেমায়। সঙ্গে আরও আছেন অক্ষয় কুমার, কিয়ারা আদভানি ও দিলজিৎ দোসাঞ্জ। এ ছাড়া শুটিং ফ্লোরে যাওয়ার অপেক্ষায় আছে করণ জোহরের ‘তখত’।