ঢাবিতে আবারো দ্বন্দ্ব ছাত্রলীগে: হল এজিএসকে মারধর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং বিশ্ববিদ্যালয় সভাপতি সনজিত চন্দ্র দাসের অনুসারীদের মধ্যে আবারো দ্বন্দ্ব দেখা গেছে। 

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে একটি কক্ষ দখল নিয়ে কেন্দ্রীয় সভাপতির অনুসারী হল সংসদের সহ-সাধারণ সম্পাদককে (এজিএস) মারধর করা হয়েছে। তাকে মারধর করেন বিশ্ববিদ্যালয় সভাপতির অনুসারীরা।

শুক্রবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

হলের আবাসিক ছাত্ররা জানান, জহুরুল হক হল সংসদের সহ-সাধারণ সম্পাদক সুরাপ মিয়া হলের ৩৪৭ নম্বর কক্ষে থাকেন। ওই কক্ষের অন্য সিটে শরীফ নামের আরেক শিক্ষার্থী থাকতেন। সম্প্রতি তিনি সিট ছেড়ে চলে গিয়েছেন। সেই সিটে জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মাহফুজুর রহমান ইমন তার অনুসারীকে তুলে দিতে যান।
এ নিয়ে কক্ষে সুরাপ মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইমনের সহযোগিতায় তার অনুসারী জাহিদ সুরাপ মিয়াকে ধাক্কা দেয় ও মারধর করে। 
এ ঘটনায় উভয় পক্ষে উত্তেজনা দেখা দেয়।
পরে ঘটনাস্থলে হলের আবাসিক শিক্ষক এস এম রেজাউল করিম ও হল সংসদের ভিপি সাইফ উল্লাহ আব্বাসী অনন্ত ও জিএস তৌফিকুল ইসলাম উপস্থিত হন।
সুরাপ মিয়া বলেন, আমার কক্ষে লোক দেবে কিন্তু আমাকে জানানো হয়নি। ছাত্রদের নির্বাচিত প্রতিনিধি হলেও আমাকে মারধর করা হয়েছে। 
আবাসিক শিক্ষক এস এম রেজাউল করিম বলেন, ঘটনাটি শুনে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। তারা নিজেদের মধ্যে মিটমাট করে ফেলেছে বলে আমাকে জানায়। যেহেতু শিক্ষার্থীদের মধ্যকার সমস্যা তারা সমাধান করে ফেলেছে। 
বিষয়টি তিনি হল প্রাধ্যক্ষকে অবহিত করেছেন বলেও জানান।