মোদির বিরুদ্ধে ভারত ভাগের অভিযোগ টাইম ম্যাগাজিনের

ভারতের লোকসভা নির্বাচনের ভেতর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধুয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বখ্যাত ‘টাইম ম্যাগাজিন’। গত পাঁচ বছর ধরে ভারতে বেড়ে চলা অসহিষ্ণুতা নিয়ে নরেন্দ্র মোদি ও তার সরকারের সমালোচনা করতে গিয়ে মোদিকে সরাসরি ‘বিভাজক গুরু’ (ডিভাইডার ইন চিফ) বলে উল্লেখ করেছে তারা।

ভারতের লোকসভা নির্বাচন নিয়ে ২০ মের সংখ্যায় বিশেষ প্রতিবেদন ছেপেছে পত্রিকাটি। ফের একবার মোদি সরকার ক্ষমতায় এলে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের পক্ষে তা সহ্য করা সম্ভব হবে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ভারতের বুনিয়াদি শর্ত, দেশ গঠনের কারিগর, সংখ্যালঘু সম্প্রদায়, দেশের প্রাতিষ্ঠানিক মর্যাদা, বিশ্ববিদ্যালয়, করপোরেট দুনিয়া এবং সংবাদমাধ্যম সব ক্ষেত্রেই অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে বলেও দাবি করা হয় ওই প্রতিবেদনে।

নরেন্দ্র মোদির আমলে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়েছে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে, ‘মোদির জমানায় সব শ্রেণির সংখ্যালঘু মানুষ, সে উদারপন্থী হোক বা নিম্নবর্গের মুসলিম অথবা খ্রিষ্টান, সবাইকে হিংসার শিকার হতে হয়েছে।’