আকাশসীমা লঙ্ঘন করায় একটি পাকিস্তানি বিমানকে নামতে বাধ্য করেছে ভারতীয় বিমানবাহিনী। তবে, বিমানটিতে কি ছিল এবং কয়জন আরোহী ছিল তা জানা যায় নি।
ভারতীয় বিমানবাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে দি ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, জয়পুর বিমানবন্দরে আকাশসীমা লঙ্ঘন করায় পাকিস্তানি বিমানটিকে নামতে বাধ্য করা হয়।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, পাকিস্তানের করাচি থেকে দিল্লি যাওয়ার কথা ছিল আন্তোনোভ এন-১২ বিমানটির। হঠাৎই উত্তর গুজরাটের একটি জায়গায় গতিপথ বদলে বিমানটি ভারতের আকাশসীমা লঙ্ঘন করে।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এয়ার ট্রাফিক সার্ভিস (এটিএস) যে গতিপথ স্থির করে দিয়েছিল তা পাকিস্তানি বিমানটি মানেনি। এমনকি, ভারতীয় সংস্থার বেতার বর্তায় সাড়াও দেয়নি।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক ফ্রিকোয়েন্সি বা দৃশ্যমান সিগন্যালেও পাক বিমানের তরফ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পাকিস্তানি বিমানটিকে চ্যালেঞ্জ জানানো হলে বিমানটি থেকে জানানো হয়- জর্জিয়া থেকে করাচি হয়ে দিল্লিগামী এই বিমানটি পূর্বনির্ধারিত নয়।