প্রেমিকের সঙ্গে পালাতে দু’আনি সোনার জন্য বোনকে খুন

নাটোরের সিংড়ায় প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার টাকা জোগাড় করতে প্রেমিকা সুরজিনা খাতুন (১৯) নিজের মামাতো বোন জুঁইকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বাড়ির অদূরে একটি বিল হতে বৃহস্পতিবার সন্ধ্যায় জুঁইয়ের লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

জুঁইকে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ সময় তার কানে থাকা দুল ও নাকফুল নেয় খুনি সুরজিনা। তবে কথিত প্রেমিকের পরিচয় জানা যায়নি।

নিহত জুই উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের রামনগর গ্রামের হারেজ আলীর কন্যা। সে পাচুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ছিল।

এদিকে বৃহস্পতিবার বিকেলে পালিয়ে যাওয়ার পথে সিংড়া বাসস্ট্যান্ড থেকে সুরজিনাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। শুক্রবার দুপুরে তাকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রামনগর গ্রামে প্রতিবেশী এবং সম্পর্কে মামাতো বোন জুঁইকে ভুলিয়ে বাকাই বিলে গোবর কুড়াতে নিয়ে যায় সুরজিনা। দুপুরে জুঁইয়ের মা  সুরজিনার বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারেন তারা কেউ বাড়িতে ফেরেনি। পরে তারা বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। এ সময় খবর পান সুরজিনাকে ভ্যানে করে একা চলে যেতে দেখেছেন স্থানীয়রা। পরে নিহতের বাবাসহ প্রতিবেশীরা বিলে খোঁজ করতে গিয়ে মেয়ের গামছা দেখতে পান। সেখানেই জুঁইয়ের লাশ খুঁজে পান স্বজনরা। এদিকে ঘটনা জানাজানি হলে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা হতে আটক করা হয় সুরজিনাকে।

মামলার তদন্তকারী অফিসার এসআই পলাশ জানান, লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে সুরজিনা। প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অর্থ জোগাড় করতে সে এই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে। তবে কোর্টে জবানবন্দি রেকর্ড করা হবে।

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম ও ঘটনার সত্যতা স্বীকার জানান, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।