পুলিশ পরিচয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন সানুকে সাদা পোশাকধারী দুই পুলিশ কর্মকর্তা তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ করে দ্রুত তার (সানুর) সন্ধান দাবি করেছেন বিএনপি ও তার পরিবার।

শুক্রবার ইফতার পর জেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, শুক্রবার বিকেলে মালশাপাড়া কবরস্থানে বিএনপি নেতা সাইফুল ইসলামের জানাজা শেষে রিকশাযোগে বাড়ি ফেরার পথে স্টেডিয়াম রোড থেকে সাদা পোশাকধারী সিরাজগঞ্জ সদর থানার দুই পুলিশ কর্মকর্তা তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরবর্তীতে থানায় যোগাযোগ করা হলে পুলিশ সানুকে আটকের বিষয়টি অস্বীকার করছে।

তিনি বলেন, সানুকে আটক করে পুলিশ কোর্টে সোপর্দ না করে গোপন স্থানে রাখায় বিএনপি নেতাকর্মীসহ পরিবারের স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তিনি বলেন, সানুর বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। প্রায় সব মামলাতেই সানু জামিনে রয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা নাজমুল হাসান রানা, আবু সাইদ সুইট, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজসহ দলীয় নেতাকর্মী ও সানুর বাবা-মা ও স্ত্রী-সন্তান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নাম অনিচ্ছুক প্রকাশে সানুর এক সহযোগী বলেন, আমি এবং সানু জানাজা শেষে একই রিকশায় বাড়ি ফিরছিলাম। স্টেডিয়াম এলাকায় পৌঁছামাত্র সদর থানার এসআই আজিম উদ্দিনসহ দুজন সানুকে রিকশা থেকে নেমে গাড়িতে তুলে নিয়ে যায়।

নিখোঁজ সানুর স্ত্রী মুন্নি খাতুন ও বাবা বিশা সেখ কান্নাকাটি করে বলেন, সানু কোন মাদক বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। কোন অবৈধ কাজের সাথেও জড়িত নয়। তার স্ত্রী মুন্নি খাতুন কান্নাকাটি করে বলেন, পুলিশ-প্রশাসনসহ সরকারের কাছে সানুর সন্ধানের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ ও এসআই আজিম জানান, সানুকে আটক করা হয়নি। এমনকি এ বিষয়ে আমাদের কাছে কোন খবরও নেই।