‘নির্বাচনের পর সংখ্যালঘু নির্যাতন বেড়েছে’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী চার মাসে সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়ন বেড়েছে বলে অভিযোগ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের। গতকাল শুক্রবার রাজধানীর পল্টনে মণি সিংহ-ফরহাদ ট্রাস্ট ভবনে এক সভায় এ অভিযোগ করা হয়। সভায় পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন।

এ সময় রানা দাশগুপ্ত বলেন, পঞ্চগড়ে জেলে আটকাবস্থায় আগুনে ঝলসে আইনজীবী পলাশ কুমার রায়কে হত্যা করা হয়েছে। প্রিয়া সাহার পৈতৃক বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিক প্রবীর সিকদারের সন্ধানে তার ফরিদপুরের বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। নির্যাতন, জায়গাজমি দখল, মন্দির-উপাসনালয়ে ভাঙচুরের ঘটনা সারা দেশে বাড়তে শুরু করেছে। ওই প্রতিবেদনে অবিলম্বে এ বিষয়ে রাজনৈতিক ও প্রশাসনিক দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের জন্য সরকারি দল ও আইনশৃঙ্খলা কর্র্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়েছে।