সাভারে সীমানা নিয়ে ২ আবাসন প্রতিষ্ঠানের সংঘর্ষ, আটক ৫

সাভারে গ্রামবাংলা আবাসন ও আকাশ নীলা হাউজিং নামে দুটি আবাসন প্রতিষ্ঠানের মধ্যে জমির সীমানা নিয়ে সংঘর্ষের খবর পেয়ে অভিযান চালিয়ে চারটি শটগানসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) জাকারিয়া হোসেন দেশ রূপান্তরকে জানান, গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় ওই দুই প্রতিষ্ঠানের মধ্যে সীমানা নিয়ে সংঘর্ষের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় পাঁচজনকে আটক ও চারটি শটগান জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, মাদারীপুর জেলার কালকিনী থানার জৈলচুরি সন্দাল গ্রামের শফিকুল ইসলাম ইমন (২৫), চাঁদপুর জেলার কচুয়া থানার নোলুয়া গ্রামের আবুল কাশেম (৩৭), যশোর জেলার কোতোয়ালি থানার রহেলাপুর গ্রামের আশরাফুল আলম (৩৫), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার বাদপুর গ্রামের আবদুর রহমান তালুকদার (৪৭) ও বাগেরহাট জেলার মোরেলগঞ্জ জেলার কাউনিয়া গ্রামের ফিরোজ খান (৪৪)।

এদিকে পুলিশের বক্তব্যকে সাজানো অভিযোগ করে আকাশ নীলা ওয়েস্টার্ন সিটির চেয়ারম্যান জিল্লুর রহমান জানান, দুপুরে জুমার নামাজের সময় মসজিদের সামনে কয়েকজন নিরাপত্তাকর্মী তাদের দায়িত্ব পালন করছিলেন, এ সময় পুলিশ এসে সিলিকন হাউজিংয়ের আনছার ক্যাম্পে তাদের ধরে নিয়ে যায় এবং মারধর করে বৈধ অস্ত্র কেড়ে নেয়। এ অভিযোগ প্রত্যাখ্যান করে পুলিশ পরিদর্শক জাকারিয়া বলেন, অভিযোগকারী চেয়ারম্যান জিল্লুর রহমান একটি চাঁদাবাজি মামলার পলাতক আসামি। তার লোকজনের কাছে যে অস্ত্র পাওয়া গেছে সেগুলো চাঁদপুরের জন্য লাইসেন্স করা। এই এলাকায় আতঙ্ক সৃষ্টিতে সেগুলো ব্যবহার করা হতো।