প্রধানমন্ত্রীর অপেক্ষায় এটিএম শামসুজ্জামানের পরিবার

রাজধানীর আজগর আলী হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসাধীন দেশের বরেণ্য অভিনয়শিল্পী এটিএম শামসুজ্জামান। তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত নয়। এই অবস্থায় তার উন্নত চিকিৎসার জন্য দেশের অন্য কোনো হাসপাতালে স্থানান্তর করা হবে নাকি বিদেশে নেওয়া হবে, সে বিষয়ে তার পরিবার এখনো সিদ্ধান্ত নেয়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই তার পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হবে।

এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল দেশ রূপান্তরকে বলেন, শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন। তার সঙ্গে কথা বলে উন্নত চিকিৎসার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।’

এদিকে গতকাল শুক্রবার এটিএম শামসুজ্জামানকে দেখতে আজগর আলী হাসপাতালে যান জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়–য়া। তাদের সঙ্গে ছিলেন সংগীতশিল্পী রফিকুল আলম।

কোয়েল বলেন, তারা এসেছিলেন। এখানকার চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। বাবার চিকিৎসার সব কাগজপত্র চেয়েছেন সামন্ত লাল আঙ্কেল। প্রধানমন্ত্রী দেশে ফিরলেই বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলবেন। এরপরই আমরা সিদ্ধান্ত নেব, দেশেই অন্য কোনো হাসপাতালে নাকি বিদেশে নিয়ে চিকিৎসা করানো হবে।  হাসপাতালে এটিএম শামসুজ্জামানকে দেখে আসার পর শুক্রবার বিকেলে দেশ রূপান্তরকে ডা. সামন্ত লাল সেন বলেন, আমি ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকেই দেখতে গিয়েছিলাম। যতটুকু দেখেছি, তাতে মনে হয়েছে শরীরের অবস্থা বেশি ভালো না। আর উন্নত চিকিৎসার ব্যাপারে পরিবার এবং কর্তব্যরত চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন। আমার জায়গা থেকে যতটুকু সহযোগিতা করা দরকার আমি করব। গত ২৬ এপ্রিল শ্বাসকষ্ট, পেটফাঁপা ও বমি সমস্যার জন্য হাসপাতালে ভর্তি করা হয় এটিএম শামসুজ্জামানকে। পরদিন অস্ত্রোপচার করা হয় তার।