বকেয়া বেতন-ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

তিন মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর মধ্যবাড্ডায় সড়ক অবরোধ করে স্টার গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। গতকাল শুক্রবার বিকেলে প্রগতি সরণির সড়ক অবরোধ করে এ বিক্ষোভ হলে ইফতারের আগমুহূর্তে সড়কের দুই পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত কারখানাশ্রমিক হেলাল উদ্দিন জানান, স্টার গার্মেন্টসে বিভিন্ন বিভাগের প্রায় ৪০০ কর্মীর তিন মাসের বেতন বকেয়া রয়েছে। এপ্রিল মাসে কারখানা বন্ধ করে দেওয়ার সময় মালিকপক্ষ ১০ মে শুক্রবার সকালে মহাখালীতে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে সবাইকে বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু ওই সময় মালিকপক্ষের কেউ না থাকায় তারা সারা দিন অপেক্ষা করে বিকেলে আন্দোলনে নামে।