‘ভারত’-এর পোস্টার লঞ্চের পর সোশ্যাল মিডিয়ায় সালমান খানের লুক নিয়ে বেশ আলোচনা শুরু হয়। কীভাবে ছবির জন্য নিজেকে অতটা বদলে ফেলেছিলেন অভিনেতা, তা নিয়ে প্রশ্ন ছিল অনুরাগীদের মধ্যে। এবার সেই রহস্যের সমাধান হল।
‘ভারত’-এ এক যুবকের ৭০ বছর বয়স পর্যন্ত জার্নি দেখানো হয়েছে। ফলে সালমানের ওপর বিভিন্ন বয়স ফুটিয়ে তোলার জন্য প্রস্থেটিক মেকআপের সাহায্য নিতে হয়েছিল।
সম্প্রতি এক সাক্ষাত্কারে ‘ভারত’-এর পরিচালক আলি আব্বাস জাফর জানিয়েছেন, প্রতিদিন আড়াই ঘণ্টা ধরে মেকআপ করতে হল সালমানকে।
আলির কথায়, “ইউকে-র একটি কোম্পানি এই ছবিতে সালমানের প্রস্থেটিক মেকআপের ডিজাইন করেছিল। এই লুকটা আনার জন্য সালমান স্যারকে প্রায় ২০টি মুখোশ আলাদা আলাদাভাবে ট্রাই করতে হয়েছিল। খুব কঠিন একটা পদ্ধতি। কিন্তু স্যার ধৈর্য ধরে করেছিলেন সবটা।”
একটি কোরিয়ান ছবির রিমেক ‘ভারত’। যেখানে একজন সাধারণ মানুষের জীবন, জার্নির মধ্যে দিয়ে দেখানো হবে ভারতের ইতিহাস।
এ ছবির প্রসঙ্গে প্রযোজক অতুল অগ্নিহোত্রী বলেন, “একটা দেশ এবং একটা মানুষের জার্নি রয়েছে এখানে। আমাদের কাছে অনুপ্রেরণার মতো।”
এই ছবির মাধ্যমেই বেশ কয়েক বছর পর সালমান- ক্যাটরিনা অনস্ক্রিন রোম্যান্স দেখবেন দর্শক। এ ছাড়াও দিশা পটানি এবং তব্বুর অভিনয়েও সমৃদ্ধ ছবিটি।