আগের মতো মারকুটে নেই বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। দলের চাওয়া অনুযায়ী পরিবর্তন এনেছেন ব্যাটিং স্টাইলে। সাফল্য পেয়েছেন তাতে। অভিজ্ঞ এই ব্যাটসম্যান জানিয়েছেন, দলকে বড় সংগ্রহের ভীত গড়ে দিতে যতটা সম্ভব লম্বা সময় ধরে ব্যাটিং করার লক্ষ্য থাকে তার।
বাংলাদেশ দলের ব্যাটিং স্তম্ভের অন্যতম ভরসার নাম তামিম। এখন পর্যন্ত ১৯০ ওয়ানডে খেলে ৩৬.৩৩ গড়ে করেছেন ৮ হাজার ৪০৬ রান। সেঞ্চুরি হাঁকিয়েছেন ১১টি, অর্ধশতক ৪৫টি।
নিজের সাম্প্রতিক ব্যাটিং স্টাইল নিয়ে তামিম বলেন, “চাইলে আমি কী আরো শট খেলতে পারি না? আমি কী আরো দুঃসাহসিক হতে পারি না। তবে ব্যাপারটি হলো, আমরা দলের জন্য খেলি। খেলায় দলের চেয়ে বড় কিছু নেই।”
“আমি এক সময় ১৫০ স্ট্রাইক রেটে ব্যাট করতাম। কিন্তু দল হারতো। কিন্তু এখন ৬০ স্ট্রাইক রেটে ব্যাট করি। কিন্তু দল জেতে। এতে আমি খুশি। দল চায় আমি ৩০-৩৫ বা ৪০ ওভার পর্যন্ত ব্যাট কর। অন্যপ্রান্তে উইকেট পড়ে গেলে তারা চায় আমি যেন আরো বেশি সময় ব্যাট করি।”
এভাবে ব্যাটিং করে তামিম ইকবাল যেন এখন আরো পরিণত। বাংলাদেশ দলের সাবেক কোচ জেমি সেডন্সের কারণেই নিজের মধ্যে এই পরিবর্তন এসেছে বলে জানালেন ফর্মে থাকা এই ব্যাটসম্যান।
“আমি এই শিক্ষাটা পেয়েছি জেমি সিডন্সের কাছ থেকে। সে সবসময় বলতো যখন তুমি ঠিকঠাক ব্যাটিং করতে পারছো না, তখন তোমার সামনে দুইটি পথ খোলা থাকে। হয়তো আউট হয়ে আমার সঙ্গে ড্রেসিংরুমে বসে থাকো কিংবা উইকেটে থেকে বোলারের বিপক্ষে লড়াই করতে থাকো।”