নারী নির্যাতনে সরকারের উস্কানি রয়েছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নারী ও শিশু নির্যাতনের অধিকাংশ ঘটনায় ক্ষমতাসীনরা জড়িত।
শনিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি একথা বলেন।
‘কিশোরগঞ্জের বাজিতপুরে চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়াকে গণধর্ষণ ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবি’তে জাতীয়তাবাদী মহিলা দল এ মানববন্ধনের আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও স্পিকার নারী। অথচ কি দুর্ভাগ্যের বিষয়- পাইকারি হারে নারী নির্যাতন চলছে।
তিনি বলেন, যখন থেকে তারা ক্ষমতায় এসেছেন, তখন থেকে তারা এটা করছে। আর নারী নির্যাতন নির্মূল করার দায়িত্ব সরকারের। কিন্তু নির্মূল করা তো দূরের থাক, আমরা অনেক সময় উস্কানি দিতে দেখেছি।
নারী ও শিশু নির্যাতনের বিষয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, যারা এই কাজগুলো করছে, তারা অধিকাংশ ক্ষমতাসীন দলের লোক। আর ক্ষমতাসীন দলের লোক বলেই তারা পার পেয়ে যাচ্ছে। তারা সরকারের আনুকূল্য পাচ্ছে। আর আনুকূল্য পাচ্ছে বলেই এই সামাজিক অপরাধ সরকার ঠেকাতে পারছে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নিখোঁজ হওয়ার বিষয়ে তিনি বলেন, আজ সালাউদ্দিন আহমেদের গুম দিবস। আজকে তিনি ভারতে কেন?
যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর মামলার বিষয়ে রিজভী বলেন, সব মামলায় টুকুর জামিন হয়ে গেছে। কিন্তু এরপরও টুকুর মুক্তি মেলেনি। কারণ মুক্তি পেলেই তিনি সরকারের বিরুদ্ধে কথা বলবেন। তাই আবারও তার বিরুদ্ধে দুটি মামলা দিয়ে তাকে কারাগারে রাখা হয়েছে।
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে সংগঠনটির নেত্রী জেবা খান, হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্য রাখেন।