দুই শিশু ও এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

শেরপুরের নকলায় পৃথক ঘটনায় দুই শিশু ও এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং দুই শিশু ও ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে নকলা উপজেলার ভূর্দি নয়াপাড়া এলাকার প্রথম শ্রেণির দুই শিক্ষার্থীকে লিচু দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে একই এলাকার বখাটে শামীম মিয়া।

অভিযুক্ত শামীম মিয়া উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ভূরদী নয়াপাড়া এলাকার নওসেন আলীর ছেলে।

পরে শিশু দুজনের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় ধর্ষককে আটক করে পুলিশ।

এদিকে নকলা উপজেলার বারইকান্দি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে বখাটে জাহাঙ্গীর আলমকে আটক করে পুলিশ। সে রুনিগাঁও এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ ও মেয়ের পরিবার জানায়, গত ২৬ এপ্রিল ওই শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে একাধিকবার ধর্ষণ করে জাহাঙ্গীর। এ ব্যাপারে অভিযোগ পেয়ে শুক্রবার রাতেই ঢাকা থেকে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে পুলিশ।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং দুই শিশু ও ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।