শ্রীলঙ্কায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার পর দেশটিতে মুসলমানদের হয়রানির ঘটনা বেড়েছে বলে জানিয়েছে বিবিসি। এসব ঘটনার বিষয়ে রিপোর্ট করতে মুসলমানদের জন্য একটি হটলাইন চালু করেছে শ্রীলঙ্কা সরকার।
দেশটির ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, হামলার পর থেকে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতার বিষয়ে প্রতিদিন শত শত রিপোর্ট পাওয়া যাচ্ছে। নারীদের হিজাব ও বোরকা নিয়েই বেশি করে ঘৃণা ও সহিংসতার ঘটনার রিপোর্ট পাচ্ছেন তারা।
শ্রীলঙ্কার মুসলমানদের সংগঠন অল সাইলন জমিয়াতুল উলামার (এসিজেইউ) প্রেসিডেন্ট মুফতি মোহাম্মদ রিজভি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে মুষ্টিমেয় ব্যক্তিবিশেষের হয়রানি ও নিপীড়নমূলক কর্মকাণ্ডের লক্ষ্যবস্তু হচ্ছে মুসলমান সম্প্রদায়।’ এসিজেইউর এক মুখপাত্র বলেন, এখন মারাত্মক মুসলিমবিদ্বেষী নিপীড়ন চলছে। সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ধর্মাবলম্বীদের দেশ শ্রীলঙ্কার ১০ শতাংশ জনগোষ্ঠী মুসলিম ধর্মাবলম্বী।