পেশোয়ারের হোটেলে সন্ত্রাসী হামলা: নিহত ১

পাকিস্তানের পেশোয়ারের গদারে পাঁচ তারকা হোটেল পার্ল কন্টিনেন্টালে তিন থেকে চার সন্ত্রাসী হামলা চালিয়েছে। তাদের বাধা দিতে গিয়ে ওই হোটেলের নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। 

পাকিস্তানের সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে দ্য ডন এ খবর জানায়।

পাকিস্তানের আইএসপিআর জানায়, হোটেলে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

তারা জানান, ওই হোটেলের অবস্থানকারীদের বের করে নেয়া হয়েছে। 

শনিবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে জঙ্গিদের হামলার খবর পাওয়া যায়। 

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, তিন থেকে চারজন সশস্ত্র জঙ্গি হঠাৎ করে পার্ল কন্টিনেন্টাল হোটেলে ঢুকে তাণ্ডব শুরু করে। গদার স্টেশন হাউস অফিসার আসলাম বাঙ্গুলজাইয়ের বরাত দিয়ে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে জঙ্গিদের হামলার খবর পাওয়া যায়। 

পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, ওই হোটেলে এই মুহূর্তে কোনো বিদেশি নাগরিক নেই।

আসলাম বাঙ্গুলজাই বলেছেন, ঘটনাস্থলে পুলিশ সদস্য, অ্যান্টি-টেররিজম ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। তারা পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে। পুরো হোটেল ঘিরে রাখা হয়েছে এবং হোটেলের আশপাশে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে অভিযানও শুরু করা হয়েছে।