শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মার চরাঞ্চলে চর আত্রা এলাকায় ডাকাত সন্দেহে তিন ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে আহতাবস্থায় তাদের উদ্ধার করেছে নড়িয়া থানার পুলিশ। তাদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটকরা হলেন নড়িয়া উপজেলার নওপাড়া গ্রামের নুরে আলম (২৮), বিশুগাঁও গ্রামের সেলিম মিয়া (৫০), কানরগাঁও গ্রামের এবায়দুল ইসলাম (৩২)।
নড়িয়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে চাঁদপুর থেকে ব্যবসায়ীরা গরু নিয়ে মুন্সীগঞ্জ যাচ্ছিলেন। ওই দিনগত রাত ১২টার দিকে ভেদরগঞ্জের তারাবনিয়া এলাকায় একদল ‘ডাকাত’ স্পিডবোটযোগে ট্রলারে হামলা করে। তারা ব্যবসায়ীদের ও ট্রলারচালককে মারধর করে গরুসহ ট্রলার ছিনিয়ে নেয়। ডাকাত সদস্যরা নড়িয়ার চর আত্রা এলাকা দিয়ে গরু নিয়ে পালাতে যায়। স্থানীয়দের সন্দেহ হলে তারা ওই দলটিকে ঘেরাও করে। এ সময় স্পিডবোটযোগে ১৪ জন পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে।