আমব্রিসের নৈপুণ্য উইন্ডিজের ইতিহাস গড়া জয়

অ্যান্ডি বালবার্নির সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছিল আয়ারল্যান্ড। যা তাড়া করে জয়টা চ্যালেঞ্জিং হলেও ওয়েস্ট ইন্ডিজ তা পেরিয়ে গেল দারুণভাবে। ওপেনার সুনীল আমব্রিস খেললেন ১৪৮ রানের ইনিংস। তাতেই নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয় তুলে নিল ক্যারিবীয়রা।

শনিবার ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ৩২৭ রান করেছিল আয়ারল্যান্ড। জবাবে ৫ উইকেট আর ১৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে উইন্ডিজ।

সিরিজে দুই দলের প্রথম দেখায় আয়ারল্যান্ডকে ১৯৬ রানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের এই জয়ে সিরিজে ফাইনাল খেলার আশা অনেকটাই ফিকে হয়ে গেল আইরিশদের।

৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। ১টি জয়ের সঙ্গে পরিত্যক্ত হওয়ার ম্যাচ থেকে দুই পয়েন্ট টাইগারদের। আর আয়ারল্যান্ড ৩ ম্যাচের ২টিতে হেরেছে। বাংলাদেশের বিপক্ষে পরিত্যক্ত ম্যাচ থেকে পেয়েছে ২ পয়েন্ট।

বাংলাদেশের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে এখন শুধু জিতলেই হবে না, অনেক সমীকরণ মেলাতে হবে আয়ারল্যান্ডকে।

এদিন আয়ারল্যান্ড বড় স্কোর গড়ার পর ওয়েস্ট ইন্ডিজ তা পেরিয়ে যেতে পারবে কিনা তা ছিল সবার কৌতূহল। আমব্রিস নিজের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে ক্যারিবীয়দের জন্য কাজটা সহজ করে দেন।

১২৬ বলের ১৪৮ রানের ইনিংসটি তিনি সাজিয়েছেন ১৯টি চার ও ১ ছক্কায়। মাত্র চতুর্থ ওয়ানডে খেলতে নামা এই ব্যাটসম্যানের ওয়ানডেতে আগের সর্বোচ্চ ইনিংসটি ছিল অপরাজিত ৩৮। রোস্টন চেজ ৪৬, জনাথন কার্টার অপরাজিত ৪৩ ও জেসন হোল্ডার অপরাজিত ৩৬ রান করেন। আইরিশদের পক্ষে বয়েড র‌্যাঙ্কিন নিয়েছেন সর্বাধিক ২ উইকেট।

এর আগে মাত্র ১৯ রানেই প্রথম উইকেট হারায় আইরিশরা। তবে দ্বিতীয় উইকেটে স্টার্লিং ও বালবার্নি ১৪৬ রান যোগ করেন। ও’ব্রায়েন পাঁচ নম্বরে নেমে খেলেছেন ঝোড়ো ইনিংস। মার্ক অ্যাডায়ার খেলেছেন অপরাজিত ২৫ রানের ইনিংস।

বালবার্নি ১২৪ বালে ৪ ছক্কা ও ১১ চারে নিজের ইনিংস সাজান। ওয়ানডে ক্যারিয়ারে পেয়েছেন নিজের চতুর্থ ফিফটি। স্টার্লিং ৯৮ বলে ৭৭ রানের ইনিংসে খেলেছেন ৮ চার ও ২ ছক্কা। ও’ব্রায়েন ৪০ বলে ৬৩ রান করেন ৩টি করে চার ও ছক্কায়। ক্যারিবীয়দের পক্ষে শ্যানন গ্যাব্রিয়েল সর্বাধিক ২ উইকেট নিয়েছেন। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন সুনীল আমব্রিস।

সোমবার বাংলাদেশ ও আয়ারল্যান্ড পরস্পরের মুখোমুখি হবে।