গৃহবধূকে গুলি করে হত্যার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় এক গৃহবধূকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার বজ্রঘোনার কাছাকাছি কল্পলোক আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত শাহ আলম বাকলিয়া থানার বলিরহাট এলাকায় গৃহবধূ বুবলি আক্তার (৩৫) হত্যার প্রধান আসামি। এ ঘটনায় আহত হয়েছেন বাকলিয়া থানার ওসিসহ চার পুলিশ সদস্য।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফ জানান, বুবলি আক্তার হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত শাহ আলম বজ্রঘোনার কল্পলোক আবাসিক এলাকায় অবস্থান করছে এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে শাহ আলম ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিনসহ চার পুলিশ সদস্য আহত হন। পরে ঘটনাস্থল থেকে শাহ আলমকে গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, বুবলি আক্তারের ভাই রুবেলের সঙ্গে স্থানীয় শাহ আলমসহ কয়েকজন যুবকের পূর্ব শত্রুতা ছিল। শনিবার রাতে নগরীর বলিরহাট এলাকায় শাহ আলম ও তার লোকজন রুবেলকে মারতে আসে। তখন তারা রুবেলকে না পেয়ে বুবলিকে গুলি করে হত্যা করে বলে জানা গেছে।