তিউনিসিয়া উপকূলে নিহতদের ৪ জন সিলেটের, নিখোঁজ ২

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে শুক্রবার ভয়াবহ নৌকাডুবিতে প্রাণ হারানোদের মধ্যে ৫১ জন বাংলাদেশি শরণার্থী রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর পক্ষ থেকে এ দুর্ঘটনায় ৬৫ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে এবং ১৬ জনকে জীবিত উদ্ধারের কথা বলা হয়েছে।

এদিকে জীবনের ঝুঁকি নিয়ে ইতালি যাওয়ার পথে এই নৌকাডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জের চার যুবক। এছাড়া সিলেট ও মৌলভীবাজারের আরও দুই যুবক নিখোঁজ রয়েছেন।

নিহতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার কটালপুর এলাকার মুয়িদ পুর গ্রামের হারুন মিয়ার ছেলে আবদুল আজিজ (২৫), একই গ্রামের মন্টু মিয়ার ছেলে আহমদ (২৪), সিরাজ মিয়ার ছেলে লিটন (২৪)। এছাড়াও এ ঘটনায় ফেঞ্চুগঞ্জের দিনপুর গ্রামের আরেকজন প্রাণ হারিয়েছেন। তার পরিচয় এখনো জানা যায়নি।

মর্মান্তিক এই দুর্ঘটনায় হাফিজ আহসান হাবিব শামিম ও কামরান আহমেদ মারুফ নামের আরও দুই যুবক নিখোঁজ রয়েছেন। হাবিব শামিম সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদের ভাই। তাদের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ায়।

নিহত আজিজের ভাই মফিজুর রহমান জানান, তিউনিসিয়া উপকূল থেকে বেঁচে যাওয়া তার চাচা মুয়িদপুর গ্রামের দিলাল ফোনে জানিয়েছেন নৌকাডুবিতে ফেঞ্চুগঞ্জের চারজন মারা গেছেন।