সিলেটে নারী চিকিৎসক ও মেডিকেল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটে পৃথক ঘটনায় এক নারী চিকিৎসক ও মেডিকেল কলেজের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার নগরীর পাঠানটুলা ও সুবিদবাজার এলাকা থেকে পুলিশ লাশ দুইটি উদ্ধার করে।

জালালাবাদ থানার ওসি হারুনুর রশিদ জানান, নগরীর পশ্চিম পাঠানটুলার বাসা থেকে ডা. প্রিয়াঙ্কা তালুকদার শান্তার (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ডা. শান্তা সিলেটের বেসরকারি পার্ক ভিউ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের প্রভাষক। এ ঘটনায় শান্তার স্বামী দিবাকর দেব কল্লোল, শ্বশুর সুভাষ চন্দ্র দেব ও শাশুড়ি রত্না রানী দেবকে আটক করা হয়েছে। নিহত শান্তার ৩ বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।

ওসি আরও জানান, ডা. শান্তার বাবা সোনালী ব্যাংক সুনামগঞ্জ শাখার কর্মকর্তা ঋষিকেশ তালুকদার অভিযোগ করেছেন, শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে তার মেয়ের মৃত্যু হয়েছে। তারা পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।

ওসি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে নগরীর সুবিদবাজারের ফাজিলচিশত এলাকার বাসা থেকে রোববার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজের এমবিবিএস ২য় বর্ষের ছাত্রী ইশরাত জাহান মিথিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বিমানবন্দর থানা-পুলিশ। মিথিলা ফাজিলচিশতের ডা. আবদুল হালিমের মেয়ে।

বিমানবন্দর থানার ওসি শাহাদাত হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।