অপেক্ষার অবসান হলো না লিভারপুরের

ইংলিশ প্রিমিয়ার লিগকে এবার রোমাঞ্চকর করে তুলেছিল লিভারপুল। ম্যানচেস্টার সিটির সঙ্গে সমানে সমানে লড়াই করেছে শিরোপার জন্য। শেষ রাউন্ডে নিষ্পত্তি হওয়া শিরোপার লড়াইয়ে অবশ্য হাসতে পারেনি অলরেডরা।

২০১৮-১৯ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলেছে পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি। আর রানার্সআপ হয়ে মৌসুম শেষ করেছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল। তাতে লিগের শিরোপার অপেক্ষাটা আর ফুরাল না অলরেডদের। ২৯ বছর থেকে সেটি এখন ৩০-এ ঠেকল।

রোববার লিগের শেষ রাউন্ডে সাদিও মানের জোড়া গোলে উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারায় লিভারপুর। কিন্তু একই সময়ে অন্য মাঠে ব্রাইটনের বিপক্ষে ৪-১ গোলের জয় তুলে নেয় সিটি।

লিভারপুলের চেয়ে এক পয়েন্ট এগিয়ে থেকে তাই শিরোপা নিশ্চিত হয় সিটির। ৩৮ ম্যাচে ৩২ জয় ও দুই ড্রয়ে ৯৮ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেছে সিটি।

অন্যদিকে সমান ম্যাচে ৩০ জয় ও সাত ড্রয়ে ৯৭ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় হলো লিভারপুল। ইউরোপের সেরা পাঁচ লিগের ইতিহাসে কোনো দলই এত পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয়নি কখনোই। লিভারপুল নিজেদের তাই দুর্ভাগা ভাবতেই পারে।

মৌসুমে সেরা খেলোয়াড়ের পুরস্কারটা অবশ্য লিভারপুলের ঘরেই গেছে। পুরস্কার জিতেছেন দলটির নেদারল্যান্ডসের ডিফেন্ডার ভার্জিল ভন ডাইক।