শিরোপা জয়ের অপেক্ষায় বায়ার্ন

শনিবারই জার্মান বুন্দেসলিগা শিরোপা জয়ের সুযোগ ছিল বায়ার্ন মিউনিখের। কিন্তু নিজেদের ভুলেই সুযোগ হারাল জার্মান জায়ান্টরা। অ্যাওয়ে ম্যাচে লিপজিগের মাঠে গোলশূন্য ড্র করেছে বায়ার্ন। অন্যদিকে শিরোপা লড়াইয়ে বায়ার্নের পেছন পেছন ছোটা বরুশিয়া ডর্টমুন্ড নিজেদের ম্যাচে জিতেছে। ৩-২ গোলে ফরচুনা ডুসেলডর্ফকে হারানোয় শিরোপা সম্ভাবনা এখনো টিকে আছে দলটির।

বুন্দেসলিগায় মৌসুমের শেষ লেগ বাকি। তার আগে সমান ৩৩ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৭৫ আর বরুশিয়ার ৭৩। শেষ রাউন্ডে বায়ার্ন হারলে বা ড্র করলেই টানা সপ্তমবার শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া হবে দলটির। সে ক্ষেত্রে নিজেদের ম্যাচে জিতলেই শিরোপা নিশ্চিত হবে বরুশিয়ার। এছাড়া বায়ার্ন জিতলে নিজেদের ম্যাচ জিতেও লাভ হবে না হলুদ জার্সিধারীদের।