নাটকীয়তা যা হওয়ার হয়েছিল ২৭ মিনিটের সময়। গ্লেন মারের গোলে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তখন এগিয়ে যায় ব্রাইটন। অন্য ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে তখন ১-০ গোলে এগিয়ে ছিল লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের দুটি ম্যাচই শুরু হয়েছিল একই সময়ে। কে জিতবে তা নিয়ে আগ্রহী ফুটবলবিশ্বকে তাই দুই ম্যাচের ফলাফলের দিকে চোখ রাখতে হচ্ছিল। প্রথমার্ধের ২৭ মিনিটে অল রেড সমর্থকরা ম্যানসিটির পিছিয়ে পড়ার খবর শুনে আশাবাদী হয়ে ওঠেন। তবে সেই আশা ক্ষণিকের আশা হয়ে মিলিয়ে যায় পরের মিনিটেই সার্জিও আগুয়েরো গোল করার সঙ্গে সঙ্গে। এরপর প্রথমার্ধের ৩৮ মিনিটে আমেরিক ল্যাপোর্তের গোলে এগিয়ে যায় ম্যানসিটি। তখনো যারা স্বপ্ন দেখছিলেন লিভারপুলকে নিয়ে তাদের সেই স্বপ্ন ভেঙে যায় দ্বিতীয়ার্ধের ৬৩ ও ৭২ মিনিটে। সিটিজেনদের হয়ে দুটি গোল করেন রিয়াদ মাহরেজ এবং ইকে গুন্দোগান। শেষ পর্যন্ত ৪-১ গোলে ব্রাইটনকে হারিয়ে ৯৫ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতে পেপ গার্দিওয়ালার দল। শেষ ম্যাচে উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারানো লিভারপুল থামে ৯৪ পয়েন্ট নিয়ে।
ম্যানসিটি টানা দ্বিতীয়বারের মতো লিগ চ্যাম্পিয়ন হয়েছে গতকাল। লিভারপুলের সঙ্গে তাদের এবারের লড়াই শেষ ম্যাচ পর্যন্ত গড়িয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে শেষ ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হবে সিটিজেনরা। অবশেষে জিতেই তারা চ্যাম্পিয়ন হলো। আর ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এই প্রথম এত বেশি পয়েন্ট নিয়ে শিরোপা ছাড়াই থাকতে হলো লিভারপুলকে। তবে এবারই প্রথম নয়, ২০১১-১২ মৌসুমেও শেষ ম্যাচে লিগ শিরোপা জয় নিশ্চিত করেছিল ম্যানসিটি। সেবার সিটি আর ইউনাইটেডের পয়েন্ট ছিল সমান। শেষ পর্যন্ত গোল ব্যবধানে শিরোপা নিশ্চিত করেছিল সিটিজেনরা।