‘রত্নাগর্ভা’ সম্মাননা পেলেন ৩৫ মা

অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসায় সন্তানকে বুকে আগলে রাখেন মা। ছেলেমেয়ের জন্য হাসিমুখে ত্যাগ করেন অনেক কিছু। গতকাল রবিবার বিশ্ব মা দিবসে সফল এমন ৩৫ জন পেলেন ‘রত্নাগর্ভা মা ২০১৮’ সম্মাননা। রাজধানীর ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে আজাদ প্রোডাক্টস প্রবর্তিত এই সম্মাননা তুলে দেন অতিথিরা। সাধারণ ক্যাটাগরিতে ২৫ জন এবং বিশেষ ক্যাটাগরিতে ১০ জন মা এই সম্মাননা পান। এবার ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ পুরস্কার পেয়েছেন কবি আসাদ চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। স্বাগত বক্তব্য দেন আজাদ প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ। ২০০৩ সাল থেকে আজাদ প্রোডাক্টস এই সম্মাননা দিয়ে আসছে।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, ‘কৈশোরে আমি মাকে হারিয়েছি। মায়ের কথা মনে পড়লেই ভাষা হারিয়ে ফেলি, আবেগপ্রবণ হয়ে যাই। অন্য মায়েদের সফলতা দেখে মনে হয়, আমার মা বেঁচে থাকলে তিনিও এমন সম্মাননা পেতেন।’ তিনি বলেন, ‘আজ যারা এখানে আছেন সবাই আমার মা। এই মায়েরা সম্মান পেলেন নিজেদের যোগ্যতায়। সমৃদ্ধ বাংলাদেশের যাত্রায় তাদের অবদান বিশাল।’

স্বাগত বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, ‘মা হচ্ছেন শিল্পী, মানুষ গড়ার কারিগর। আমরা জিতলে জিতে যান মায়েরা। জিতেছি, বড় হয়েছি, মানুষ হয়েছি। তাই তো মায়েদের আজ  মর্যাদা পাওয়ার দিন।’

‘রতœগর্ভা মা’ সম্মাননা পাওয়া মায়েদের হাতে সম্মাননা হিসেবে একটি করে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। সাধারণ ক্যাটাগরিতে সম্মাননা পানÑ ফাতেমা ইসলাম শিরীন, রওশনারা বেগম, রহিমা খাতুন, আপেল রানী সাহা, হামিদা রাজ্জাক, মমতা বেগম, দৌলত আরা বেগম, হোসনে আরা বেগম, কাজী জাহানারা হোসেন, সালেহা হক, আয়েশা খাতুন, নুরুননেছা, আফিয়া সোলায়মান, ফজিলাতুন্নেসা, রোমেলি বড়–য়া, রাবিয়া আলম, মনোয়ারা বেগম, সেলিন ডি কস্তা, জোহরা আককাজ, রোকেয়া বেগম, জোবাইদা হক, মেহেরুন্নেছা, নির্মলা রানী রায়, রিজিয়া কামাল ও সুফিয়া খাতুন। বিশেষ ক্যাটাগরিতে সম্মাননা গ্রহণ করেন গুলনাহার বেগম, তাহেরা খানম, ছালেহা খাতুন, রহিমা খাতুন, আনোয়ারা বেগম, দিলরুবা হক রুমা, তাহমিনা বেগম, রোকেয়া সিদ্দিকী, ডা. পারভীন হাকিম আনোয়ার ও খন্দকার তহুরা। সবশেষে ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ স্বীকৃতি পাওয়া কবি আসাদ চৌধুরীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।