খুলনায় শ্রম প্রতিমন্ত্রী

কিছু নেতা শ্রমিক অসন্তোষে উসকানি দিচ্ছে

সরকার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার পরও কিছু নেতা শ্রমিক অসন্তোষে উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। গতকাল রবিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ অভিযোগ করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকদের মজুরি আওয়ামী লীগ সরকার প্রায় দশগুণ বৃদ্ধি করেছে, যা বেসরকারি পাটকলগুলোর চেয়ে অনেক বেশি। তারপরও কিছু অসাধু শ্রমিক নেতা উসকানি দিয়ে শ্রম অসন্তোষ তৈরির চেষ্টা করছে।’ আগামী এক সপ্তাহের মধ্যে বকেয়া মজুরি পরিশোধ করে চলমান সংকটের সমাধান করা হবে বলে জানিয়েছেন তিনি।

জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন সংসদ সদস্য মো. আকতারুজ্জামান বাবু, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, সিভিল সার্জন এস এম আবদুর রাজ্জাক প্রমুখ।