কুড়িয়ে পাওয়া দুই লক্ষাধিক টাকা ফেরত দিতে এর মালিককে খুঁজছে পুলিশ। গত শনিবার বিকেলে রমনা থানার ট্রাফিক দক্ষিণ বিভাগের অফিসের সামনের রাস্তায় ট্রাফিক পুলিশ পরিদর্শক মশিউর রহমান খামভর্তি টাকার বান্ডিল পড়ে থাকতে দেখেন। পরে তিনি তা নিয়ে রমনা থানায় যান। সেখানে গিয়ে সাধারণ ডায়েরি করেন। এর পর থেকেই ওই টাকার মালিককে খোঁজা হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপকমিশনার মো. মাসুদুর রহমান বলেন, ‘দুই লাখ টাকার বেশি পাওয়া গেছে। উপযুক্ত প্রমাণসাপেক্ষে প্রকৃত মালিককে এ টাকা বুঝিয়ে দেওয়া হবে।’
পুলিশ কর্মকর্তা মশিউর বলেন, ‘ট্রাফিক দক্ষিণ বিভাগের কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়কে এসেই একটি খাম পড়ে থাকতে দেখি। কৌতূহল থেকেই খামের ভেতরে চেক করতে গিয়ে দেখি অনেকগুলো টাকা।’ তার ধারণা, কেউ এ টাকার খাম ভুলে ফেলে গেছেন। প্রকৃত মালিকের কাছে এ টাকা পৌঁছে দিতে পারলে তিনি মানসিকভাবে শান্তি পাবেন। তিনি বলেন, ‘আমি রাষ্ট্রীয় কর্মচারী, সব সময় দেশের সেবায় কাজ করে থাকি।’