ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফের ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজে নিজেদের প্রথম লড়াইয়ের মতো এই ম্যাচেও ক্যারিবীয়দের হারাতে চায় মাশরাফী বিন মোর্ত্তজার দল।
ডাবলিনের মেলাহাইড ক্রিকেট গ্রাউন্ডে সোমবার বাংলাদেশ সময় পৌনে ৪চায় মুখোমুখি হবে দল দুটি। দল দুটির প্রথম লড়াইয়ে ৮ উইকেটের বিশাল জয় পেয়েছিল টাইগাররা।
তিন ম্যাচ খেলে দুই জয় নিয়ে সিরিজে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে ওয়েলস্ট ইন্ডিজ। তাদের দুটি জয়ই স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে। প্রথম ম্যাচে আইরিশদের ১৯৬ রানে হারানোর পর রোববারের ম্যাচে ৫ উইকেটে হারায় তারা। ম্যাচটিতে জয়ের ক্ষেত্রে দারুণ একটি কীর্তিও গড়েছে দলটি। ওয়ানডেতে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান (৩২৭) তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে তারা।
দুই বড় জয়ে ওয়েস্ট ইন্ডিজ শিবির দারুণ উজ্জীবিত। আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া দুই ম্যাচেই তিনশো ছাড়ানো রান করেছে তারা। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দলটির চার ব্যাটসম্যান পেয়েছে শতকের দেখা!
তবে ফর্মে থাকা ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে মোটেও ভীত নয় বাংলাদেশ। বরং দলটির বিপক্ষে জয়ই তাদের একমাত্র ভাবনা। এ ব্যাপারে দলের মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন বলেন, “এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই আমরা সিরিজের প্রথম ম্যাচে দারুণ বোলিং করেছি। তারা আরো ভালো করার চেষ্টা করবে। আমরা তাই করব। আমরা জানি তাদের ব্যাটসম্যানরা ভালো ফর্মে আছে। তবে আমরাও প্রমাণ করিয়ে দেখিয়েছি যে, চেজ করার মতো লক্ষ্যেও আমরা তাদের আটকে দিতে পারি।”
“আমাদের ভালো মানের অনেক বোলার আছে, যারা যেকোনো সময় উইকেট নিতে পারে, ভালো পার্টনারশিপ ভেঙে দিতে পারে। গত ম্যাচে আমরা প্রমাণ করেছি, তাদের দারুণ শুরুর পরও আমরা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারি।”
“উভয় দল তাদের আগের ম্যাচগুলোতে দারুণ পারফর্ম করেছে। তবে আগের ম্যাচের কথা টেনে লাভ নেই। এটা কেবল আপনাকে মানসিকবভাবে আত্মবিশ্বাস দেবে। আজকের ম্যাচটি একবারেই নতুন ম্যাচ। তাতে যারাই ভালো খেলবে তারাই জিতবে।”
দীর্ঘ বিরতির পর ফের মাঠে নামছে বাংলাদেশ দল। কেননা বৃহস্পতিবার স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। তবে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগের দিন মেলাহাইডে পুরোদমে অনুশীলন করেছে টাইগাররা।
ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ম্যাচের জয় এই ম্যাচেও আত্মবিশ্বাস জোগাচ্ছে বলে জানালেন মিঠুন, “জয় সবসময়ই আপনাকে আত্মবিশ্বাস জোগাবে। প্রথম ম্যাচে দারুণ জয়ের পর দল ভালো আত্মবিশ্বাস পেয়েছে। চ্যালেঞ্জ মোকাবিলায় দল প্রস্তুত। কোনো ম্যাচের আগে মানসিক প্রস্তুতিটাও গুরুত্বপূর্ণ। সবাই তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। ম্যাচে এখন আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার সময়।”