ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. মোস্তফা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত পৌনে ১টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে উপজেলার হারুয়াবাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত মো. মোস্তফা মাদক ব্যবসায়ী। ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। মোস্তফা উপজেলার খুলিয়াটি গ্রামের বাসিন্দা।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, রাতে হারুয়াবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হন মোস্তফা। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে ২০০ গ্রাম হেরোইন ও ১০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
নিহত মোস্তফার নামে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে বলে জানান তিনি।