আমির খানের এই নায়িকা নাচের জন্য ছেড়েছেন বলিউড

আমির খানের সঙ্গে অস্কারে মনোনয়ন পাওয়া ‘লগান’ সিনেমায় অভিনয় করেছিলেন গ্রেসি সিং। এটি অন্যতম স্মরণীয় কাজ বলে অনেকবার জানিয়েছেন এই নায়িকা।

নাচের দল রয়েছে গ্রেসির। আর নাচই এই মুহূর্তে ধ্যানজ্ঞান নায়িকার। ইসকনের অনুষ্ঠানে পারফর্ম করেছেন বেশ কয়েকবার। দেশ-বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করছেন নিয়মিত।

দিল্লির সনাতন শিখ পরিবারে জন্ম গ্রেসি সিং-এর। স্কুলে থাকতেই ভরতনাট্যমে প্রশিক্ষণ নেন। তখন থেকেই নাচের দলের সঙ্গে নানা জায়গায় পারফরম্যান্স শুরু হয়।

পরবর্তীতে মডেলিং ও একাধিক বিজ্ঞাপনে কাজ করেন তিনি। ১৯৯৭ সালে ‘আমানত’ নামের একটি হিন্দি ধারাবাহিকে প্রথম নজরে আসেন। ২০০১ সালে অডিশন দেন ‘লগান’ ছবির জন্য। আমির খানের সঙ্গে ছবিটি দর্শক ও সমালোচকদের ভূয়সী প্রশংসা পায়।

এরপর সঞ্জয় দত্তের সঙ্গে ‘মুন্নাভাই এমবিবিএস’ও হয় সুপারহিট। ‘আরমান’, ‘গঙ্গাজল’ও মনে দাগ কেটেছিল দর্শকের। তেলুগু ও মালায়ালাম ভাষায় ‘সন্তোষম’, ‘লাউডস্পিকার’, ‘রামা রামা কৃষ্ণা কৃষ্ণা’সহ একাধিক হিট ছবিতে কাজ করেন।

পরবর্তীতে একটি ছবির প্রস্তাব প্রত্যাখ্যান করেন ছোট পোশাকের কারণে। এ ছাড়া দেশদ্রোহী (২০০৮) ছবির পরিচালককে নাকি চড় মেরেছিলেন।

মঞ্চে নাটকেও পারফরম্যান্স করতে দেখা গিয়েছে তাকে। একাধিক পুরস্কার পাওয়া নায়িকা ছবির প্রস্তাব পর পর প্রত্যাখ্যান করতে থাকায় আর মেলেনি তেমন কাজ।