মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে শ্বাসরুদ্ধকর ফাইনালে হেরে হাতছাড়া হয়েছে আইপিএল শিরোপা। তবে দারুণ একটি রেকর্ড নিজের করে নিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে সফল উইকেটরক্ষক এখন মাহি।
রোববার হায়দরাবাদের রাজিব গান্ধি স্টেডিয়ামে থ্রিলার ফাইনালে মুম্বাইয়ে কাছে মাত্র ১ হারে হারে গত আসরের চ্যাম্পিয়ন চেন্নাই। মুম্বাইয়ের ১৪৯ রানের জবাবে ১৪৮ রান করতে পারে তারা।
ম্যাচটিতে কুইন্টন ডি’কক ও রোহিত শর্মার ক্যাচ ধরার সঙ্গে সঙ্গেই আইপিএলে সবচেয়ে সফল উইকেটরক্ষক হওয়ার রেকর্ড গড়েন ধোনি। টপকে যান কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিককে।
মুম্বাই ইনিংসের ৪.৫ ওভারের মাথায় শার্দুল ঠাকুরের বলে কুইন্টন ডি’ককের ক্যাচ ধরেন ধোনি। পরের ওভারের দ্বিতীয় বলেই দীপক চাহারের বলে ধরেন রোহিত শর্মার ক্যাচ। রোহিতের ক্যাচটি ছিল রেকর্ড সূচক। এটি তাঁর আইপিএল কেরিয়ারের ১৩২তম শিকার।
এই নিয়ে আইপিএলে মোট ৯৪টি ক্যাচ ধরেন ধোনি। স্টাম্প করেছেন ৩৮টি। ক্যাচ ও স্টাম্পড মিলিয়ে দীনেশ কার্তিকের আইপিএল শিকারের সংখ্যা ১৩১টি। এই তালিকার তিন নম্বরে রয়েছেন নাইট রাইডার্সের পার্টটাইম উইকেটকিপার রবিন উথাপ্পা। তিনি ক্যাচ ও স্ট্যাম্প মিলিয়ে ৯০টি শিকার ধরেছেন।