তৃণমূল ঠেকাতে বিজেপি-সিপিএম ‘জোট’, একহাত নিলেন মমতা

তৃণমূলকে হারাতে সিপিএম-কংগ্রেস-বিজেপি জোট বেঁধেছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এজন্য তিনি দলগুলোর কড়া সমালোচনা করেন বলেও সোমবার এক প্রতিবেদনে জানায় জিনিউজ।

এক জনসভায় মমতা দাবি করেন, যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে সমর্থন করছে বিজেপি। আর কংগ্রেস তো আগেই আসনটি ছেড়ে দিয়েছে।

মিমি চক্রবর্তী সমর্থনে সভায় তিনি বলেন, “সিপিএমকে ভোট দিয়ে লাভ নেই। একটা আসনও পাবে না। বাংলায় কংগ্রেসও পাবে না। সিপিএমও পাবে না। সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিকে দেওয়া।”

কটাক্ষ করে তৃণমূল নেত্রী বলেন, বাংলায় জগাই-মাধাই-বিদায় এক হয়েছে। সিপিএম ও কংগ্রেস জগাই-মাধাই।

তিনি বলেন, সিপিএমকে জেতাতে যাদবপুরে কোনো প্রার্থী দেয়নি কংগ্রেস। এই কারণে কংগ্রেস ছেড়েছিলেন বলেও মনে করিয়ে দেন মমতা।

মমতা আরও বলেন, “প্রণব মুখোপাধ্যায়ের ছেলেকে জঙ্গিপুরে সমর্থন করেছিল আরএসএস। বহরমপুরেও কংগ্রেস প্রার্থীকে সমর্থন দিয়েছে বিজেপি। কতগুলো জায়গায় সমঝোতা আছে?”

তিনি বলেন, ঘণ্টাটা বাঁধতে হবে। আর ঘণ্টাটা বাংলা থেকে বাঁধব। তাতে আমার ওপরে অত্যাচার হলে হোক। সবাইকে জুজুর ভয় দেখিয়ে রেখেছে। কাউকে সিবিআই, কাউকে আরবিআই কাউকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভয় দেখাচ্ছে। চমকে ধমকে কিছু করতে পারেনি।