পশ্চিমবঙ্গের বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী নুসরাত জাহান। সাধারণ নির্বাচনের ডামাডোলে রোববার বিকেল থেকে রাত পর্যন্ত হুডখোলা গাড়ি নিয়ে চষে বেড়ালেন তিনি। সঙ্গী ছিলেন টলিউডের নায়ক সোহম।
সেখানেই নায়িকাকে ঘিরে চলে হইচই কাণ্ড। মোবাইল হাতে দু’পাশে দাঁড়িয়ে থাকা সকল মানুষের এই একটাই আরজি, “দিদি আমার দিকে তাকান প্লিজ, দিদি আমার দিকেও একবার।”
আর আবদার রাখতে অভিনেত্রীও হাসিমুখে তাকালেন সবার দিকে।
সেদিন নুসরাতকে দেখতেও লাগছিল দারুণ। পরনে লাল পাড়ের ওপর ছোট্ট কালো প্রিন্টের শাড়ি। গরমের তাপ এড়ানোর জন্য কালো ফুলস্লিভ ব্লাউজ।
পেছনের গাড়িতেই ছিলেন সোহম। পরনে তুঁতে রঙের পাঞ্জাবি। দুজনের পোশাকের ওপর আটকানো তৃণমূলের ঘাসফুল ব্যাজ।
মাঝে মাঝে নুসরাত মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করেন, আপনারা সবাই ভালো আছেন তো? জনতাও সঙ্গে সঙ্গে ঘাড় নেড়ে জানাচ্ছেন, “হ্যাঁ।”
তখন নুসরাত বলেন, “আজেবাজে কাউকে ভোট দেবেন না। আমাকেই ভোটটা দেবেন। আমি সব সময় আপনাদের পাশে থাকব।”
তখন চারদিক থেকে পুষ্প বৃষ্টিতে ভাসছিলেন নায়িকা।