সাইফুদ্দিনের জায়গায় রাহী

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। অলরাউন্ডার সাইফউদ্দিনের জায়গায় ডাক পেয়েছেন আবু জায়েদ চৌধুরী রাহী। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেকে অভিষেক হতে যাচ্ছে ডানহাতি এই ফাস্ট মিডিয়াম বোলারের।

ডাবলিনের মেলাহাইড ভিলেজের ম্যাচটিতে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ম্যাচের আগের দিন রোববার অনুশীলনের সময় কোমরে চোট পান উইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে নৈপুণ্য দেখানো সাইফউদ্দিন। তার জায়গাতেই একাদশে ডাক পেলেন পাঁচটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলা রাহী।

বাংলাদেশের বিশ্বকাপ দলে অন্যতম চমক ছিলেন রাহী। এই ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপের আগে তাকে নিয়ে পরীক্ষা চালিয়েও দেখতে চাইছেন নির্বাচকরা। আর সাইফউদ্দিনের চোট গুরুতর কিছু না হলেও বিশ্বকাপের আগে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না তারা।

ম্যাচটিতে উইন্ডিজকে হারাতে পারলেই ফাইনাল নিশ্চিত করবে বাংলাদেশ। সেক্ষেত্রে আয়ার‍ল্যান্ডের বিপক্ষে ম্যাচটি নিছক আনুষ্ঠানিকতায় পরিণত হবে মাশরাফীদের জন্য।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মোহমুদউল্লাহ, সাব্বির রহমান, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মেদেহী হাসান মিরাজ, আবু জায়েদ রাহী ও মুস্তাফিজুর রহমান