পুরোনো জিনিসপত্র বিক্রির দোকানে ঢুকে এক ব্যক্তি তার বাচ্চাকে বিক্রি করে দিতে চাইলেন। টেবিলের ওপর শিশুকে রেখে দোকানদারকে বললেন, এই বাচ্চা বিক্রি করতে চাই, মাত্র সাত মাস ব্যবহার হয়েছে, কত টাকা দেবেন? এমন ঘটনায় তো তাজ্জব বনে যান দোকানদার।
বিজনেস ইনসাইডার জানায়, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সারাসোটা এলাকায় এ ঘটনা ঘটে। দোকানদার রিচার্ড জর্ডান তখন দ্রুত পুলিশকে ফোন দেন। যদিও ততক্ষণে লোকটি বাচ্চা নিয়ে বের হয়ে গিয়েছে।
পরে দোকানের সিসিটিভি ফুটেজ থেকে ওই ব্যক্তির চেহারা শনাক্ত করা হয়। স্থানীয় টিভি চ্যানেলগুলোতে দেখানো হয় ওই ফুটেজ। পরে ব্রায়ন স্লোকাম নামে ওই ব্যক্তি নিজেই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।
পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে ৪৩ বছর বয়সী ব্রায়ান জানান, দোকানের বাইরে লেখা ছিল, ১৮ বছরের নিচে প্রবেশ নিষেধ। তাই তিনি মজা করতে তার ছেলেকে নিয়ে এমন কাণ্ড করেছিলেন। এর ভিডিও স্ন্যাপচ্যাটে দেবেন বলেও পরিকল্পনা করেন তিনি।
তবে অনেকেই স্ন্যাপচ্যাটে ভিডিও দেওয়ার উদ্দেশ্যে এমন কাণ্ড ঘটনার সমালোচনা করেছেন। এদিকে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় রিচার্ডের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হচ্ছে না।