আওয়ামী লীগ সরকার ফণীর মতো ভয়ংকর: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার নয়, আওয়ামী লীগ সরকার জনগণের কাছে ঘূর্ণিঝড় ফণীর মতোই ভয়ংকর। ঘূর্ণিঝড়ের মতো জনগণ আওয়ামী লীগকেও ভয় পায়। আওয়ামী লীগ সরকার এখন জনগণের কাছে একটি আতঙ্কের নাম’।

সোমবার বেলা ১১টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলায় ঘূর্ণিঝড় ফণীতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে উপজেলার চরদুয়ারী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানীর বাধাঘাটা এলাকায় এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে গিয়ে এক জনসভায় তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়া কোন দিনই জেল থেকে মুক্তি পাবে না। তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, লন্ডনে চিকিৎসার নাম করে গিয়ে বাংলাদেশ এবং বিএনপি নিয়ে ষড়যন্ত্র করছেন। 

চরদুয়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিনা রহমান, বরিশাল সিটির সাবেক মেয়র ও সাবেক হুইপ মো. মজিবুর রহমান সরোয়ার, বরিশাল বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, বিএম কলেজের সাবেক ভিপি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার প্রমুখ।

এর আগে পাথরঘাটা থেকে সড়ক পথে বলেশ্বর নদের তীরের চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী গ্রামে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ঘর চাপায় নিহত দাদি-নাতির শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপি নেতারা। নিহত জাহিদুলের বাবা ইব্রাহিমের সঙ্গে কথা বলেন তারা। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও টিন বিতরণ করেন। এছাড়াও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় দলের পক্ষ থেকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।