বিদেশ থেকে ক্ষতিগ্রস্ত হয়ে ফেরত আসা বাংলাদেশিদের জন্য দুই লাখ মার্কিন ডলার অনুদান দিচ্ছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। ক্ষতিগ্রস্তদের আর্থ-সামাজিক কর্মকাণ্ড টেকসই করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নীতি ও কর্মসূচি প্রণয়নে সহায়তা দিতে এই অর্থ ব্যায় করা হবে।
সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষ থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব সুলতানা আফরোজ এবং আইওএমের পক্ষ থেকে ডেপুটি চিফ ও মিশন শ্যারন ডিমানচে এ প্রকল্প দলিলে সই করেন।
‘বাংলাদেশ: ডেবট মেডিয়েশন ফর রিটার্নিং মাইগ্র্যান্টস’ শিরোনামের প্রকল্পটি ২০১৯ সালের এপ্রিল থেকে ২০২১ সালের মার্চের মধ্যে বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে একটি প্লাটফর্ম তৈরি করা হবে। যেখানে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জীবনমান উন্নয়নে কাজ করা হবে, তাদের ক্ষতিপূরণও দেওয়া হবে।