মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস নিয়ে অডিও ডকুমেন্টারি নির্মাণ করছে মুক্তিযুদ্ধ ই-আর্কাইভ। ইতিহাস ও মুক্তিযুদ্ধবিষয়ক সর্ববৃহৎ ডিজিটাল এ সংগ্রহশালা ‘মুক্তিযুদ্ধ পাঠশালা’ নামে অডিও ডকুমেন্টারির প্রথম অংশ প্রকাশ করেছে। এতে তৎকালীন পূর্ব পাকিস্তানে বাঙালির বড় আন্দোলনগুলো প্রাধান্য পেয়েছে। ’৫২-এর ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, এগারো দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা, ’৬৯-এর গণঅভ্যুত্থান, অসহযোগ আন্দোলনসহ ছয়টি পর্বে এটি সাজানো হয়েছে।
এ বিষয়ে মুক্তিযুদ্ধ ই-আর্কাইভের প্রতিষ্ঠাতা সাব্বির হোসাইন বলেন, ‘বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ নিয়ে অনেকেরই ধারণা স্পষ্ট নয়। এর কারণ প্রামাণ্য ইতিহাস প্রচারের অভাব এবং স্বাধীন বাংলাদেশে দীর্ঘ সময় মুক্তিযুদ্ধের বিপরীত আদর্শের ধারকদের রাষ্ট্রক্ষমতায় থাকা। ডকুমেন্টারিগুলো এ বিষয়ে সহায়ক ভূমিকা পালন করছে বলে আমাদের বিশ্বাস।’ প্রতিষ্ঠানের পরিচালক শান্তা আনোয়ার জানান, ‘ডকুমেন্টারিগুলোতে তথ্যের বিশুদ্ধতা, ঘটনার বিস্মৃতি ও শ্রুতিমধুরতার ওপর প্রাধান্য দেওয়া হয়েছে।’