ইংল্যান্ডে বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয় ১৫ এপ্রিল। বিতর্ক তৈরি হয় সেই দলে ঋষভ পান্তের জায়গা না হওয়ায়। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন কয়েক দিন আগে পান্তকে বিশ্বকাপ দলে না নেওয়াকে বড় ভুল হিসেবে আখ্যায়িত করেছেন। আইপিএলে এ ক্রিকেটারের ফর্ম দেখে অনেকেই আফসোস করছেন। সৌরভ গাঙ্গুলি এক ধাপ এগিয়ে বলেছেন বিশ্বকাপে পান্তকে মিস করবে ভারত। কিন্তু দলের যিনি কোচ সেই রবি শাস্ত্রী বলছেন, ভারতের বিশ্বকাপ দল ভারসাম্যপূর্ণ। যথেষ্ট গোলাবারুদ নিয়েই বিশ্বকাপে যাচ্ছেন বলে মনে করছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে ৫ জুন মিশন শুরু করবে ভারত। সেই ম্যাচের আগে ভারতের চিন্তা চার নম্বর পজিশন নিয়ে। ধারণা করা হচ্ছে, অলরাউন্ডার বিজয় শঙ্করকে দলে নেওয়া হয়েছে সেই চিন্তা করেই। শাস্ত্রী অবশ্য বলেছেন, ‘ভারসাম্যপূর্ণ দল। চার নম্বরে ব্যাটিং করার জন্যও যথেষ্ট খেলোয়াড় আছে। সুতরাং আমি একেবারেই ব্যাপারটা নিয়ে উদ্বিগ্ন নই।’
আইপিএল চলাকালে ইনজুরিতে পড়েন স্পিনার-অলরাউন্ডার কেদার যাদব। আরেক যাদবÑ কুলদিপ রয়েছেন ফর্মহীনতায়। এসবে অবশ্য চিন্তিত নন রবি শাস্ত্রী, ‘এটা আমাকে মোটেই ভাবাচ্ছে না। সত্যি বলতে কি, এসব ব্যাপার আমার মাথাতেই নেই। ২২ মে আমরা যখন রওনা হব তখন দেখি ফ্লাইটে কে কে থাকে। আমাদের ভাগ্য ভালো যে কেদারের কোনো ফ্র্যাকচার ধরা পরেনি। এখনো যথেষ্ট সময় আছে। সে পুরোপুরি সেরে উঠবে।’ নিজের দলের বাইরে বিশ্বকাপে শাস্ত্রীর ফেভারিট অস্ট্রেলিয়া ও উইন্ডিজ। তিনি মনে করেন, ক্যারিবিয়ান দলের মতো এবার আর অন্য কোনো দলে এত বিগ হিটার নেই। শাস্ত্রীর মন্তব্য, ‘ভারত সফরে তারা দুর্দান্ত লড়াই দিয়েছিল। আমরা যদিও তাদের হারিয়েছিলাম, তবে অসাধারণ ক্রিকেট খেলেছিল তারা। আমি যে দল নিয়ে কথা বলছি, সেই দলে ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল ছিল না। আমি বলব বিশ্বকাপে এই দলটার ওপর চোখ রাখুন। দলে প্রচুর প্রতিভা আছে। দলটা দেখে ভীষণ খুশি আমি। কারণ একটা সময়ে আমি ভুবনজয়ী উইন্ডিজের বিপক্ষে খেলেছি। ক্রিকেটে যারা অনেক কিংবদন্তির জন্মদাতা। তাদের শেষ হয়ে যেতে দেখাটা ভালো লাগে না।’
সাবেক ভারতীয় অধিনায়ক আজাহারউদ্দিন আসন্ন বিশ্বকাপে নিজের দেশকেই ফেভারিট ভাবছেন। তিনি বলেছেন, ‘আমাদের (বিশ্বকাপ) জেতার ভালো সুযোগ আছে। ভালো একটা দল। দারুণ কিছু বোলার আছে। এই দল যদি বিশ্বকাপ না জেতে খুব হতাশ হব।’