ফুটবলে সাম্প্রতিক সময়ে ছেলেদের চেয়ে মেয়েদের সাফল্যই বেশি। ক্রিকেটে ছেলেরা যেখানে বহুজাতিক আসরে শিরোপা জিতেতে পারেনি এখনো, সেখানে মেয়েরা জিতেছে এশিয়া কাপের শিরোপা। ফুটবল-ক্রিকেটের মতো এবার হকিতেও স্টিক হাতে মাঠ মাতাবে বাংলাদেশের মেয়েরা।
হকির আন্তর্জাতিক অঙ্গনে এ দেশের ছেলেদের পথচলা অনেক দিনের হলেও এই খেলায় মেয়েদের অবস্থান একেবারেই আঁতুড়ঘরে। বাংলাদেশের মেয়েদের কোন জাতীয় দল কখনই গঠিত হয়নি। এবার সেই আক্ষেপ ঘুচতে চলেছে।
বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব নিয়েই উদ্যোগ নিয়েছে দল গঠনের। এ লক্ষ্যে মঙ্গলবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হয়েছে আবাসিক ক্যাম্প। গত দুই বছরে বিভিন্ন ঘরোয়া আয়োজনে অংশ নেওয়া ৫০জন মেয়ে নিয়ে শুরু হয়েছে এই ক্যাম্প।
৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে বসবে উইমেন্স জুনিয়র এএইচএফ কাপের বাছাইপর্ব। এই আসরকে সামনে রেখেই দল গঠন প্রক্রিয়া শুরু হয়েছে কোচ হেয়াদেয়তুল ইসলাম রাজিবের অধীনে।
মূলত এই ক্যাম্পের উদ্যোগটা নিয়েছিল জাতীয় ক্রীড়া পরিদপ্তর। মার্চে ৩৫জনকে নিয়ে ১৫ দিনের একটি ক্যাম্পও করেছিল তারা। এবার হকি ফেডারেশনের ব্যবস্থাপনায় হচ্ছে এই ক্যাম্প।
কোচ রাজিব জানান, ‘‘মূলত অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টকে সামনে রেখেই এই ক্যাম্পটা শুরু করেছি। এই ক্যাম্পে বেশির ভাগ মেয়ের বয়স অনূর্ধ্ব-১৬। ২০১৮ সালে অনুষ্ঠিত বাংলাদেশ যুব গেমসে খেলা মেয়েদের সংখ্যাই এখানে বেশি। এ ছাড়া দেশব্যাপী প্রতিভা অন্বেষণ ও গত নভেম্বরে মহিলা হকি চ্যাম্পিয়নশিপ থেকেও কিছু খেলোয়াড় বাছাই করা হয়েছে।’’
কোচ জানান, এবার ১৬ দিনের ক্যাম্প পরিচালনার পর খেলোয়াড় সংখ্যা ৩০-এ নামিয়ে আনা হবে। এদিন উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন ফেডারেশনের নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ সিকদার এবং সাধারণ সম্পাদক এ.কে.এম মমিনুল হক সাঈদ।