আশুলিয়ায় শ্রমিক ও কর্মকর্তাদের সংঘর্ষে আহত ২০

নির্দিষ্ট সময়ে বেতন, বোনাস ও ওভারটাইম পরিশোধসহ ১১ দফা দাবি আদায়ের আন্দোলনে নেমেছে আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে আশুলিয়ার টেঙ্গুরী এলাকার স্প্রিং ট্রেডার্স লিমিটেড নামক কারখানায় এ সংঘর্ষের ঘটনার পর সেটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্র্তৃপক্ষ। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রমিকরা জানিয়েছেন, প্রতি মাসেই কারখানা কর্র্তৃপক্ষ বেতন পরিশোধে বিলম্ব করে। তাই গত কয়েক দিন ধরেই সময়মতো বেতন ও ওভারটাইম পরিশোধ, অবৈধ শ্রমিক ছাঁটাই বন্ধ ও ঈদ বোনাস প্রদানসহ ১১ দফা দাবিতে আন্দোলন করে আসছিলেন তারা। কিন্তু কারখানা কর্র্তৃপক্ষ গত সপ্তাহে শ্রমিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে চাইলেও এখনো আলোচনায় বসেনি। গত সোমবার এ ঘটনার প্রতিবাদ করায় উল্টো শ্রমিকদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করেছে মালিকপক্ষ। অভিযোগের ভিত্তিতে ওই রাতে পুলিশ বেশ কিছু শ্রমিকের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখায়।

এ ঘটনায় মঙ্গলবার সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় প্রবেশ করে প্রশাসনিক কর্মকর্তার কাছে পুলিশের কাছে অভিযোগের বিষয়ে জানতে চান। তখন কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়। তাদেরকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।